দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে বিদ্যমান ভীতি ও দালালনির্ভরতা দূর করতে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (২০ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি।
সেমিনারে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌর প্রশাসক টি এ মোমিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, সরকার ভূমি সেবাকে ডিজিটাল ও অটোমেটেড করলেও এখনো অনেকেই দালাল ছাড়া সেবা পাওয়া সম্ভব নয় এমন ভুল ধারণায় ভুগছেন। এ অবস্থার পরিবর্তনে জনসচেতনতা বাড়ানো জরুরি বলে তারা মত দেন।
তারা আরও বলেন, নতুন প্রজন্মকে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে স্কুল পর্যায়ের পাঠ্যবইয়ে বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বিশেষ করে চতুর্থ বা পঞ্চম শ্রেণির পাঠ্যক্রমে এ বিষয়ে অধ্যায় যুক্ত করার প্রস্তাবও উঠে আসে সেমিনারে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯ মে শুরু হওয়া তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা বৃহস্পতিবার শেষ হবে। মেলা উপলক্ষে জেলার ১১টি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে সচেতনতামূলক কার্যক্রম চলছে, যার মাধ্যমে দালাল ও হয়রানি ছাড়াই ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে।
জে আই