দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্রিকেট ও ফুটবলের আধিপত্যে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার একসময়ের সবচেয়ে জনপ্রিয় ও জাতীয় খেলা কাবাডিকে ঘিরে আবারও জেগে উঠেছে প্রাণ। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবেদারকান্দি গ্রামের ষোলঘর মাঠে আয়োজন করা হয় বিবাহিত বনাম অবিবাহিতদের কাবাডি প্রতিযোগিতা।
শত শত মানুষ জড়ো হন সুবেদারকান্দি গ্রামে ষোলঘর মাঠে। আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জমজমাট খেলায় ২-১ পয়েন্ট ব্যবধানে জয় লাভ করে অবিবাহিত দল।মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। শত শত নারী-পুরুষ-শিশু দর্শক ভিড় করেন খেলাটি উপভোগ করতে। অনেক তরুণ জীবনে প্রথমবারের মতো দেখেন কাবাডি খেলা, যা তাদের কাছে নতুন অভিজ্ঞতা।
খেলা দেখতে আসা নাঈম সাহেব বলেন, ‘একসময়ের গ্রামবাংলার প্রিয় খেলা হাডুডু, যা এখন হারিয়ে যেতে বসেছে আধুনিকতার ভিড়ে। এমন আয়োজনে তরুণরা যেমন খেলা দেখতে পেরে উচ্ছ্বসিত, তেমনি বয়োজ্যেষ্ঠরাও স্মৃতিমধুর হয়ে পড়েছেন। এই পুনরুজ্জীবন যেন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ঐতিহ্যকে ধরে রাখার বার্তা দেয়।’
আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুরুজ আহম্মেদ খান বলেন, ‘মোবাইল আর মাদকের আসক্তি থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে এবং শিকড়ের সঙ্গে তাদের সংযোগ গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।’
সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সরদার মুজিবুর রহমান বলেন, ‘আমরা চাই হারিয়ে যাওয়া খেলাগুলো আবার মাঠে ফিরুক। এতে গ্রামীণ ঐক্য ও সংস্কৃতির বিকাশ হবে।’
এদিকে, লোয়াড়দের প্রাণপণে লড়াই, দর্শকদের চিৎকার-উল্লাস, আর হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাওয়ার আনন্দে ভরপুর এ আয়োজনে ছিল শুধুই উচ্ছ্বাস।