দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ফেনীর ছাগলনাইয়ায় বখাটের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুন) উপজেলার শুভপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত কিশোরের নাম রবিউল হক শাহেদ। সে শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিউল হক শাহেদ (১৮) ছোট বোনসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে আজ (শুক্রবার) বিকেলে চম্পকনগর শমসের গাজীর দিঘি ও সুড়ঙ্গ এলাকায় বেড়াতে যান। এ সময় স্থানীয় বখাটে যুবকেরা তার বোনকে উদ্দেশ্য করে নানা কুরুচিপূর্ণ কথা বলে এবং শরীরের ওড়না ধরে টান দেয়।
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শাহেদের ওপর ক্ষিপ্ত হয় বখাটেরা। তারা শুভপুর রাস্তার মোড় এলাকায় সজিব মেম্বারের (ইউপি সদস্য) অফিসে জড়ো হয়। একপর্যায়ে সজিব মেম্বার মোবাইলে ফোনে উত্ত্যক্তকারীদের বিচার করার কথা বলে রবিউল হক শাহেদকে শুভপুর রাস্তার মোড়ে ডেকে নিয়ে আসে।
সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বখাটে যুবকেরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।’ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানান তিনি।