দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির ৫ নেতা ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার (২৪ মে) রাতে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের এক সভায় তাদেরকে বরণ করে নেওয়া হয়।
নবগঠিত মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রদলে যোগ দেওয়া ৫ নেতা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।
যোগদান প্রসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর কমিটির সাবেক সহ-মুখপাত্র রিশাদুল আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। আমরা ভবিষ্যতেও মেধাভিত্তিক ও তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাব।
তিনি আরও জানান, আমি আগে থেকেই জাতীয়তাবাদী আদর্শের সকল লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। কিন্তু অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকেসহ অন্যদেরও বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিতে পদায়ন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গেই পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম। এছাড়াও নবগঠিত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নুর মোহাম্মদ আয়াস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ শাখার কমিটি হওয়ার পরেই তারা পদত্যাগ করেছেন। এটি নতুন কিছু নয়। সবারই ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তবে আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।
আরএ