দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুরে মধুমতি ও তালেশ্বর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ মে) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযুক্তরা হলেন— পিরোজপুরের কাউখালী উপজেলার বাঁশুরিয়া গ্রামের জাহাঙ্গীর ফরাজীর ছেলে মো. হোসাইন ফরাজী (৪০), কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের মো. শাজাহান শেখের ছেলে মো. সুমন শেখ (৩৯) ও নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের মো. আকরাম শেখের ছেলে মো. জাবের শেখ (২৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতি ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০— এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী বলেন, বালুমহল ইজারা নেওয়ার সময় তাদের একটি নির্দিষ্ট সীমানা নির্ধারণ করা থাকে। নাজিরপুর উপজেলার বালুমহলের সীমানা ছিল ২৪.২১ একর। সীমানার বাহিরে গিয়ে বালু এবং ৪ ( ঘ ) আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন ১ (এক) কিলোমিটার সীমানার মধ্যে বালু উত্তোলন করার অপরাধে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এসময় উপস্থিত সবাইকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে নাজিরপুর উপজেলার আওতাভুক্ত মধুমতি ও তালেশ্বর নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান তিনি।
/অ