দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শিবচরের মোল্লার বাজার এলাকায় র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে বরখাস্তকৃত এক সেনা সদস্যকে আটক করেছে শিবচর হাইওয়ে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।
বুধবার ( ২১ মে) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর মোল্লার বাজার এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালীন সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,একটি মাইক্রোবাস থামানোর পর আশিকুর রহমান কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি নিয়ে নেমে নিজেকে র্যাব সদস্য হিসেবে পরিচয় দেন এবং বলেন, আমাদের গাড়িতে একজন আসামি রয়েছে। তিনি পুলিশ সদস্যদের একটি আইডি কার্ডও প্রদর্শন করেন। তবে তার কথাবার্তা ও পরিচয়পত্র যাচাই করে পুলিশ সেটি ভূয়া বলে নিশ্চিত হলে তাকে তাৎক্ষণিক আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃত মাইক্রোবাসে থাকা বাকি পাঁচজন ব্যক্তি পালিয়ে যায়। তারা হলেন যশোরের জুয়েল (৩৮), ফরিদপুরের ড্রাইভার রাসেল (৪০), হাসান (২৮), মেহেরপুরের জাহাঙ্গীর (৩৫) এবং রফিকুল (২৮)।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন জানান, আটক ব্যক্তি সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছিলেন এবং তিনি ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এফএইচ/