দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুন) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্তাপাড়া নামক স্থানে ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী ফেনী জেলার ফুলগাজী থানার দামুড়া গ্রামের মৃত হাজি আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও গাড়ির চালক ঢাকার শ্যামপুর থানার দনিয়ার স্মৃতিধারা এলাকার হক মিয়ার ছেলে মো. মিজান (৩৫)। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় রংপুরমুখী প্রাইভেটকারের সঙ্গে ঢাকামুখী পলাশবাড়ী এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে কারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রী ও চালক গাড়িতেই আটকা পড়ে মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, লাশ থানায় রয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।