দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে নড়াগাতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৮ মে) বিকেলের দিকে নড়াগাতি থানার যোগানিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
আহত আব্দুল লতিফ সম্রাটসহ গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আব্দুল লতিফ সম্রাটকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার পর সন্ধ্যার দিকে স্থানীয় বিএনপির নেতার কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলন নেতারা অভিযোগ করে বলেন, আব্দুল লতিফ সম্রাট কালিয়ার বেন্দারচর সোয়াবিল এলাকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতাতে প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশে ঢাকা থেকে আসছিলেন। পতিমধ্যে গোপালগঞ্জ হয়ে যোগানিয়া এলাকা অতিক্রম করার সময় তার বহরকে লক্ষ্য করে হামলা চালায় দুবৃর্ত্তরা। এ সময় প্রায় এক থেকে দেড়শ’ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা, রড ও দাহ্য পদার্থ দিয়ে বহরে থাকা অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেল আগুন দেয়।
তারা আরও অভিযোগ করে বলেন, জেলা বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশে নড়াগাতী থানা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি সুবিধাবাদী অংশ আমাদের ওপর হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি।
এ সময় উপস্থিত ছিলেন- কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা গোলম কিবরিয়া মিঠু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ এবং পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জানান, আমি বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। কে বা কারা এই হামলা করেছে আমার জানা নেই। তবে আমার লোকজনের এখানে কোনো সংশ্লিষ্টতা নেই। কেই যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে থাকে তাহলে তা মিথ্যা ও বানোয়াট।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, থানায় কেউ এখনও অভিযোগ করেনি। তবে ঘটনাটি জানার পর অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরএ