দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ১৯৭১ সালে পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করা হয়েছে দিল্লির দাসত্ব করার জন্য নয়। তেমনি ৫ই আগস্ট দেশের মানুষ দিল্লির গোলামি এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছে ওয়াশিংটনের গোলামি করতে নয়। বাংলাদেশ নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উচু করবে। কিন্তু কোনো ভিনদেশিদের স্বার্থে এ দেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।
শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ১৯৭২ এর সংবিধানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করে প্রকৃত চেতনাকে ছিনতাই করা হয়েছে। মূলত ৭২-এর চেতনাকে ৭১-এর চেতনার নাম দিয়ে ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করেছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। তিনি এসময় আওয়ামী লীগ সরকারের সময়ে আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা, আলেম-ওলামা, ছাত্র-জনতাসহ সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারকার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না। বাংলাদেশকে রক্ষায় ফ্যাসিবাদের পুনর্বাসন রুখে দিতে জাতীয় ঐক্য রক্ষা করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।
সভায় জেলা খলাফত মজলিশের সভাপতি মাওলানা আব্দুল আজিজ খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
/অ