দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার প্রতিবাদে ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ফেনী জেলা ছাত্রদল।
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভা করেন নেতাকর্মীরা।এরপর রাত সাড়ে ৮ টার দিকে শহরের ট্রাংক রোড়ে বিক্ষোভ করেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
ঝটিকা মিছিলের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে মো. সুমন (৩০), একই এলাকার শামসুদ্দিনের ছেলে শিবির আহাম্মদ (৩৬) ও সাহাব উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (টিপু)। তারা সকলে পরিবারের সঙ্গে সহদেবপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
এর আগে এদিন ভোরে শহরের কলেজ রোড থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। গত ৫ আগস্টের পর জেলায় এটিই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো।
এ নিয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আমজাদ হোসেন টিপু গত বছরের নভেম্বরে করা একটি বিস্ফোরক মামলায় এজাহারনামীয় আসামি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরএ