দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন বিএনপি নেতা মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রশাসনের আয়োজিত ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাত সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এই তোপের মুখে পড়েন তিনি।
নজরুল ইসলাম কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও আম আড়তদার সমিতির সাবেক সভাপতি।
মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, সভায় জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলার বিভিন্ন স্তরের আমচাষী ও আড়তদাররা। এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও কানসাট আম আড়তদার সমিতির সাবেক সভাপতি মো.নজরুল ইসলাম। তিনি বলেন, বিগত দিনে সাংবাদিকদের অপতথ্যের কারণে আমের বাজারে ধস নেমেছে। চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত ডিসি জাহিদুল ইসলামের সময় শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজার ও ঢাকার প্রবেশ পথগুলোতে প্রায় ২৫ ট্রাক আম পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়। ওই আম ধ্বংসের জন্য জেলার এই সাংবাদিকরাই দায়ী। এসময় সভায় উপস্থিত সাংবাদিকরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং প্রতিবাদের মুখে তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
সভার সভাপতি আব্দুস সামাদ সাংবাদিকদের প্রতিবাদের মুখে ঘোষণা দেন, নজরুল ইসলামের বক্তব্য সভার সভাপতি হিসেবে এক্সপাঞ্জ করলাম। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সভার কার্যক্রম শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, সাংবাদিকরা সবসময় পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করে থাকে। তার নিজস্ব কোনো মতামত প্রকাশের কোনো সুযোগ নেই। অথচ, নজরুল ইসলাম সাংবাদিকদের নামে মিথ্যা দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন। এতে সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন হবে।
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ, নজরুল ইসলাম সকল সাংবাদিকদের দোষারোপ করছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সেখানে উপস্থিত সকল সাংবাদিকরা। আগামী দিনে সাংবাদিকদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করার জন্য অনুরোধ করছি।
/অ