দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
রোববার (২৬ এপ্রিল) সকালে টুঙ্গিপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাঁচকাহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ঠান্ডা শেখ ওই ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে। ভুক্তভোগী মনিরা বেগম (পিতা: মৃত আব্দুর রউফ শেখ) জানান, সকালে তিনি তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের পৈতৃক জমিতে গাছ কাটার কাজ চলছিল।
মনিরা বেগমের অভিযোগ, হঠাৎ ঠান্ডা শেখ ও তার ছেলে জসিম শেখ সেখানে এসে গাছ কাটায় বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়।
তিনি আরও দাবি করেন, তার ভাইয়েরা বাড়িতে না থাকার সুযোগে জমি দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
আহত মনিরা বেগমকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং বমি হওয়ায় জরুরি ভিত্তিতে এমআরআই করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ঠান্ডা শেখ।
তার দাবি, জমিটি নিয়ে আগে থেকেই বিরোধ রয়েছে এবং গাছ কাটতে নিষেধ করায় উলটো তার ওপর হামলা করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা মোল্লা ইমদাদ হোসেন বলেন, দল কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া উচিত।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত আছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই