দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্ত্রীকে মারপিটে নিষেধ করায় পাবনা সদর উপজেলার চরতারাপুরে আব্দুল ওহাব মন্ডল (৫০) নামের একজনকে হাতুড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই আরব মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওহাব শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। অভিযুক্ত আরব মন্ডল নিহতের আপন ছোট ভাই। সে গত ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে আসছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত ৩টার দিকে ছোট ভাই আরব আলী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীকে বেধরক মারপিট করতে থাকে। এ সময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করে যে তাকে মারধর করার দরকার নেই তার বাড়িতে খবর দে যাতে এসে নিয়ে যায়। মেয়েটি যদি মারা যায় তাহলে বিপদ হবে। এরপর তাকেও মারপিট শুরু করে। পরে বড় ভাই দৌঁড়ে পালাতে গেলে মাঠের মধ্যে গিয়ে তার মাথায় হাতুড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের শ্যালক আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, এর আগেও কয়েকবার আমার দুলাভাইকে হত্যার উদ্দেশে মারধর করেছে। গতকাল রাত ৩টার দিকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সে ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি কামনা করেন।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, গত রাত ৩টার দিকে তাকে হাতুড়ি পিটানো হয়েছে। এরপর সকালের দিকে সে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরব মন্ডলকে স্থানীয়রা আটকে রাখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা হলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরএ