দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বৃহস্পতিবার (১ মে) বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়নের সমরাজি মন্দিরে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
রহমাতুল্লাহ বলেন, ধর্মের নামে কোনো ভেদাভেদ থাকবে না। যে যার ধর্ম পালন করবে। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণেই কাজ করে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে। তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর তারেক রহমানের নির্দেশে সংখ্যালঘু পরিবারদের বাড়িঘর ও সম্পদ পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছিল বিএনপির কর্মীরা। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপত্তায় দিনযাপন করে। অথচ বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। যা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্তও রয়েছে। এছাড়া এসব ঘটনায় আওয়ামী সন্ত্রাসীরা জড়িত বলেও প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে।
তিনি আরও বলেন, দেশের কক্সবাজার ও ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমাগত হামলা ও দাঙার পেছনেও আওয়ামী লীগের দোসররা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে।
নাসের বলেন, কোনো বিশেষ ধর্মের লোকেরা তারা কোনো বিশেষ দলের হতে পারে না। তারা ভোটের অধিকার পেলে তাদের পছন্দ মতো ভোট প্রদান করবেন। আগামী দিনে সকল ধর্মের লোকেরা নির্ভয়ে যে দলকে ইচ্ছা সে দলকেই ভোট দিতে পারবে। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা, মন্দির কমিটির মনরঞ্জন শীল, ডা. ধীরেনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা।
আরএ