দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মায়ের চিকিৎসার জন্য বহু কষ্টে জমানো টাকা হারিয়ে যখন মাথায় আকাশ ভেঙে পড়েছিল, তখনও হয়তো আশা হারাননি উত্তরার ব্যবসায়ী মনিরুল ইসলাম। আর সেই আশারই বাস্তব প্রতিফলন হলো আজ, যখন তিনদিন পর পুলিশ তার হারানো টাকার একটি অংশ ফিরিয়ে দিলো।
গত শনিবার (২৬ এপ্রিল) ভোরে মায়ের অসুস্থতার খবর পেয়ে উত্তরা থেকে রাজবাড়ি জেলায় নিজ গ্রামের বাড়ির পথে রওনা দেন মনিরুল। তার মোটরসাইকেলের পেছনে বাঁধা ছিল কালো এক ব্যাগ, তাতে ২ লাখ ৩৫ হাজার টাকা। সকাল ১০টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের কাছাকাছি পৌঁছেই বুঝতে পারেন ব্যাগটি নেই। তখন থেকেই শুরু হয় দুঃস্বপ্নের মতো এক খোঁজাখুঁজি।
কিন্তু ভাগ্য আবার মুখ তুলে তাকায় তার দিকে। ওই ব্যাগটি পরে পাওয়া যায় ঢাকা-আরিচা মহাসড়কের বাড়োবাড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। পল্লীসেবা পরিবহনের চালক মানিক মিয়া ব্যাগটি রাস্তা থেকে তুলে নিয়ে যান। কিন্তু ব্যাগে টাকা দেখে এক নারীর দাবি, আর পরে দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে চালককে ভয় দেখিয়ে ব্যাগ নিয়ে যায়।
ঘটনার মোড় ঘুরে যায় যখন হেলপার বিষয়টি জানায় মালিক সমিতিকে। পুলিশে খবর যায়, অভিযান চালিয়ে পুলিশ ব্যাগটি ও চালক মানিক মিয়াকে উদ্ধার করে। তবে ব্যাগে ছিল মাত্র ১ লাখ ৪৮ হাজার টাকা।
পরদিন ফেসবুকেই ছড়িয়ে পড়ে খবরটি। মনিরুলের স্বজনেরা সেটি দেখে তাকে জানান। দ্রুত তিনি থানায় যোগাযোগ করেন, প্রমাণসহ নিজের দাবি তুলে ধরেন। সব যাচাই-বাছাই শেষে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে ফেরত দেয় উদ্ধার হওয়া টাকা।
মনিরুল বলেন, মায়ের চিকিৎসা আর ঋণ শোধের জন্য অনেক কষ্টে টাকা জমিয়েছিলাম। হারিয়ে যখন বুঝে উঠতে পারছিলাম না কী করবো, তখন পুলিশের সহায়তায় অন্তত কিছুটা টাকা ফিরে পেয়ে স্বস্তি পেলাম।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানিয়েছেন, আমরা চেষ্টা করছি বাকি টাকাটাও উদ্ধারের। ইতিমধ্যে তদন্ত চলছে।
হারিয়ে যাওয়া একটি ব্যাগ, মানুষের সৎ উদ্যোগ, সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তি আর পুলিশের তৎপরতায় শেষমেশ মনিরুলের জীবনে ফিরেছে কিছুটা আশার আলো। এখন শুধু বাকি টাকাগুলোর প্রত্যাশা।
এফএইচ/