দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এ আদেশ জারি করেছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের নড়িয়া বাঁধের বিপরীত পাশে পদ্মা নদীতে চর পড়া যায়গায় ১০ কোটি ঘনফুট বালু নিলামে দেয় উপজেলা প্রশাসন। গত ৬ এপ্রিল থেকে ড্রেজার যন্ত্র দিয়ে বালু কাটা শুরু করে ঠিকাদার নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল। কিন্তু বিএনপির আরেকটি পক্ষ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (অব.) কর্নেল এসএম ফয়সাল এই বালু কাটার বিপক্ষে থাকায় এরআগেও তারা মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি করেছেন। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল ১০টার দিকে নড়িয়া উপজেলা চত্বরে ফরিদ আহমেদ রয়েলের নেতৃত্বে বালু কাটার পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন।
এদিকে, প্রতিবাদে বালু কাটা বন্ধে একই স্থানে সকাল সাড়ে ১০টায় (অব.) কর্নেল এসএম ফয়সাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহি আহম্মেদ ঝিন্টু, কলাবাগান থানা মহিলা দলের সভাপতি শামিমা জাহান সাথীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় ১৪৪ ধারা জারি করেছে নড়িয়া উপজেলা প্রশাসন।
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, আজ নড়িয়া পৌরসায় সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি আছে। এ জন্য পৌরসভায় বিএনপির দুটি পক্ষই তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেনি। সকাল থেকেই পৌরসভার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন আছে।
আরএ