দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মো. অহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় ভুক্তভোগী প্রতিবন্ধী স্কুলছাত্রীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বনি আমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মো. অহিদুল ইসলাম পেশায় একজন জেলে। তিনি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভরতকাঠী গ্রামের মো. আজিজ তালুকদারের ছেলে।
প্রতিবন্ধী স্কুলছাত্রীর মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। বাড়ির পাশে একটি প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে পার্শ্ববর্তী নানা বাড়ি যাওয়ার সময় মো. অহিদুল ইসলাম জোরপূর্বক তার ঘরে নিয়ে যায়। পরে সে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে বিচারের দাবি জানাই। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা নদীর পাড়ে সরকারি জায়গায় একটা ভাসমান ঘর তৈরি করে থাকি। আমাদের নিজস্ব ঘরবাড়ি নেই। এজন্য আমাদের কেউ সহযোগিতা করছে না।
গ্রামচৌকিদার সত্য রঞ্জন ব্যাপারী বলেন, বিষয়টি শুনে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। প্রতিবন্ধী মেয়েটির মুখ থেকে সব শুনেছি। তাকে থানায় অভিযোগ দিতে বলেছি। মেয়েটির পরিবার খুবই নিরীহ।
এ বিষয়ে অভিযুক্ত অহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে বাড়ি গেলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বনি আমিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরএ