দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ও ছবিলা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছবিলা গ্রামের জসিম উদ্দিনসহ দুজনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুটি গ্রামের মধ্যবর্তী হাওরে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন পূর্ব শত্রুতার জেরে ছবিলা গ্রামের বাসিন্দা এজাহারের মাথা ফাটিয়ে দেয় বলাইশিমুল গ্রামের তাহাজ্জুত ও পারভেজ। এ ঘটনায় পরদিন মীমাংসা বৈঠকে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত পারভেজকে মারধর করা হয়। এরই জেরে বুধবার এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ছবিলা গ্রামে হামলার কথা জানানো হয়। এতে দুই গ্রামের মানুষ রামদা, টেঁটা, বল্লম-সুড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় বলাইশিমুল গ্রামের বাসিন্দারা ছবিলা গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। এক বাড়ির গোয়ালে আগুন ধরিয়ে দেয়। এসময় গরুও লুট করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কয়েকজন আহত হলেও গুরুতর কেউ নেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ