দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে এ দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে- এমনটিই বিএনপির প্রত্যাশা। আমাদের দাবি রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার খুব শিগগিরই এ দেশে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ মাঠে জেলার বর্তমান ও প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে, সেই স্বাভাবিক পরিস্থিতি যেন কোনোভাবেই হুমকির মুখে না পড়ে। আমরা সচেতন ও সজাগ রয়েছি। তা ধরে রাখতে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাদেরও দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে পারে। এই চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য যে যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এ নেতা।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মো. ইব্রাহীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ সাবেক ও বর্তমান নেতারা।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের নিমন্ত্রণে প্রাক্তন ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
এর আগে জাতীয় সঙ্গিত পরিবেশনের পাশাপাশি পতাকা উত্তোলন ও দলীয় সঙ্গিত পরিবেশন করা হয়।
আরএ