দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫-২০ দিন আগে স্থানীয় রোশেনা বেগমের কয়েকটি হাঁস ঘুজিয়াখাই গ্রামের জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে জয়দর মিয়া রোশেনা বেগমকে বাড়িতে গিয়ে মারধর করেন। এর দুদিন পর প্রতিশোধ নিতে রোশেনার লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করেন। এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দু’পক্ষ আপসে রাজি হয়।
তবে আপসের পরও জয়দর মিয়ার লোকজন রোশেনার পক্ষের সাইফ মিয়াকে মারধর করে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় ও আদালতে মামলা করে। সম্প্রতি ঈদ উপলক্ষে দু’পক্ষের লোকজন বাড়িতে আসতে শুরু করে। পূর্বের বিরোধের জেরে তারা নির্ধারিত সময়ের আগেই এলাকায় ফিরে আসে।
শুক্রবার জুমার নামাজের পর দু’পক্ষের লোকজন ঘোষণা দিয়ে কবরস্থানের পাশে খোলা মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ