দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সূবর্ণচরে ঈদ শপিংয়ে গিয়ে মা ও ভাইসহ হেনস্তার শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। এ ঘটনায় দেকানের মালিক স্থানীয় যুবদল নেতা রবিউল হোসেন কচি (৪০) ও তার ছেলে শাকিলের (১৮) বিরুদ্ধে চরজব্বর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে সূবর্ণচর প্রেসক্লাবে মা-ভাইকে নিয়ে সংবাদ সম্মেলন করে পরিবারের নিরাপত্তা ও অপরাধীদের শাস্তির দাবি করেন ওই শিক্ষার্থী। গত শনিবার (২২ মার্চ) বিকেলে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারের কচির দোকানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রবিউল হোসেন কচি সূবর্ণচর ইউনিয়নের চরজুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলী গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি চরজুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও হারিছ চৌধুরী বাজারের ফ্যাশন ক্লথ স্টোরের মালিক।
ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার বিকেলে মাসহ ঈদ শপিংয়ে যান ওই কলেজছাত্রী। এক পর্যায়ে তারা যুবদল নেতা কচির দোকানে গিয়ে শাড়ি দেখেন। পরে শাড়ি পছন্দ হয়নি বলায় কচির ছেলে শাকিল মা-মেয়েকে অশ্লীল কথা বলে উত্যাক্ত করেন। এতে বাধা দিলে তাদের দুজনকেই হেনস্তা করা হয়। খবর পেয়ে কলেজ ছাত্রীর ছোটভাই ঘটনা জানতে আসলে তাকে মারধার করেন যুবদল নেতা রবিউল হোসেন কচি। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
অভিযুক্ত যুবদল নেতা রবিউল হোসেন কচি বলেন, আমি দোকানে ছিলাম না। শাড়ি কিনতে এসে মা-মেয়ের সঙ্গে আমার ছেলের সঙ্গে তর্কাতর্কি হয়েছে। আমি তা শুনে দোকানে যাই। যাওয়ার পর ওই ছাত্রীর ভাই দোকানে গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করে। পরে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ঘটনায় দোকান মালিকের পক্ষ থেকে অভিযোগ এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের তদন্ত এবং জিডির তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠানো হয়েছে। অনুমতির পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরএ