দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের দুই সদস্য।
অভিযোগ উঠেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে। এমন অভিযোগ খোদ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
চাকরি পাওয়া ওই ছাত্রলীগ নেতার নাম সিয়াম হোসাইন আলী। সে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
গত মাসে বিনার একটি প্রকল্পে ডিজির সুপারিশে শ্রমিক পদে সিয়াম হোসাইন আলী নিয়োগ দেওয়া হয় বলে স্বীকার করেছেন প্রকল্প পরিচালক (পিডি) মো. মাহাবুবুল আলম তরফদার। তিনি বলেন, সম্প্রতি একটি প্রকল্পে ১৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এতে সিয়াম হোসাইন আলীও রয়েছে। নিয়োগের পর শুনেছি সে ছাত্রলীগ করে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ বলেন, শ্রমিক পদে একটি আবেদনের পেক্ষিতে সিয়াম হোসাইন আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তার পদ-পদবী আছে তা আমি জানতাম না। সংশ্লিষ্ট কমিটি তার নাম সুপারিশ করায় আমি চূড়ান্ত অনুমোদন করেছি।
অভিযোগ উঠেছে, বিগত সরকারের সুবিধাভোগী বিনার ডিজি আবুল কালাম আজাদ প্রতিষ্ঠানটিতে ছাত্রলীগ পুনর্বাসন করছেন। গত ১৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক সভায় তিনি ২৯ জন বৈজ্ঞানিক কর্মকর্তাকে জৈষ্ঠ্যতা পদোন্নতি দেওয়ার প্রস্তাব করেন। ওই ২৯ জন বৈজ্ঞানিক কর্মকর্তার মধ্যে প্রায় ১০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদধারী ও সক্রিয় নেতাকর্মী বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য কৃষিবিদ একেএম আনিসুজ্জামান আনিস।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিনার পরিচালনা পর্ষদের সদস্য কৃষিবিদ মো. শফিকুল আলম সোহেল। তিনি বলেন, শুনেছি বিনাতে এক ছাত্রলীগ নেতাকে চাকরি দেওয়া হয়েছে অথচ আমরা কিছুই জানি না। এছাড়াও প্রায় এক ডজন ছাত্রলীগ নেতাকে জৈষ্ঠ্যতা পদোন্নতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বিষয়টি দুঃখজনক।
এ বিষয়ে ডিজি ড. আবুল কালাম আজাদ বলেন, ২৯ জন বৈজ্ঞানিক কর্মকর্তার জৈষ্ঠ্যতা পদোন্নতির বিষয়টি নিয়ে পরিচালনা পর্ষদে আলোচনা হলেও এখনও তা চূড়ান্ত হয়নি। তবে এই তালিকায় কেউ কোনো সংগঠন করে কী-না, আমার জানা নেই।
এদিকে টানা সপ্তম দিনের ন্যায় সোমবার দুপুরে বিনা কার্যালয়ের প্রথম ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে ডিজি ড. আবুল কালাম আজাদের অপসারণ দাবি করেছেন স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা ডিজিকে আওয়ামী দোসর উল্লেখ করে অবিলম্বে এই ডিজিকে অপসারণ করার দাবি জানান।
এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কৃষিবিদ আব্দুর রশিদ, ময়মনসিংহ মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল আলম, জেলা যুবদলের কোষাধ্যক্ষ রিপন আহমেদ নিপু, জেলা ছাত্রদলের সিনিরয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম আকন্দ, সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক মাসুদ, সহপ্রচার সম্পাদক আলম, সহদপ্তর সম্পাদক ফারুক প্রমুখ।
আরএ