দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যমুনা সেতু পশ্চিমের সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় হঠাৎ ট্রেন থেকে পড়ে যায় এক তরুণী। এরপর স্থানীয়রা তাকে রেললাইনের ধার থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে রেলওয়ে পুৃলিশের সহায়তায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৪ মার্চ) ভোর ৬টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে যমুনা সেতু পশ্চিমের সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় তরুণী হঠাৎ পড়ে যায় বলে জানান সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন।
ওসি মুঠোফোনে দেশ টিভিকে বলেন, ওই তরুণী একতা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গেলে স্থানীয়রা প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এরপর রেলওয়ে পুলিশের সহায়তায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই তরুণী হাসপাতালটির মহিলা সার্জারি ওয়ার্ডের ৩০৩নং বেডে চিকিৎসাধীন।
তরুণীর মাথায় আঘাতের চিহ্ন আছে এবং এখনও জ্ঞান ফেরেনি জানিয়ে ওসি আরও বলেন, আমরা তার ফিঙ্গার প্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে তিনি জেলার উল্লাপাড়া বা ওইদিকের কোনো স্টেশন থেকে ট্রেনে উঠে থাকতে পারেন। তার আনুমানিক বয়স ২০ বছরের মতো হতে পারে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। তাকে কেউ চিনে থাকলে হাসপাতাল বা রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।
তবে তরুণী একাই পড়ে গেছেন নাকি তাকে ফেলা দেওয়া হয়েছে এ ব্যাপারে কিছু বলতে পারেননি ওসি।
আরএ