দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলি চালিয়ে মো. ইউসুফ কালু নামের এক স্থানীয় ব্যবসায়ীকে অপহরণ করেছে মুখোশ পড়া একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮ টার দিকে টেকনাফের লেদাস্থ ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
ক্যাম্পে ওই ব্যবসায়ীর কাপড়ের দোকান ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, 'মুখোশধারী কিছু অস্ত্রধারী রাতে গুলি চালিয়ে আশেপাশের লোকজনকে ছত্রভঙ্গ করে কালু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাম্পের পশ্চিমে পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি এপিবিএন পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ কাজ করছে।'
টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, 'ক্যাম্পকেন্দ্রীক এক স্থানীয় ব্যবসায়ীকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে বলে শুনেছি। এ ঘটনায় পুলিশ কাজ করছে।'
তিনি জানান, 'প্রাথমিকভাবে আলীখালি রফিক নামে বার্মাইয়া ডাকাত গ্রুপ ও ডাকাত ছালে গ্রুপের সদস্যরা এ ব্যবসায়ীকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।'
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, 'হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ব্যবসায়ীকে উদ্ধারের জন্য কাজ শুরু করেছে। ইতোমধ্যে টেকনাফ থানার ২টি দল উদ্ধারাভিযান চালাচ্ছে।'