দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভেজাল ডিএপি (DAP) সার তৈরির অভিযোগে বিএনপি নেতার মালিকানাধীন গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে ইউরিয়া সার গুদামজাতকরণের দায়ে অভিযুক্ত বিএনপি নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গুদামে অনেক নষ্ট সার পড়ে থাকতে দেখা যায়।
বুধবার (১৯ মার্চ) বিকেলে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়ের মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গোদামে এ অভিযান চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ এর নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম ও সৈকত ভট্টাচার্য। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহকারি উপ পরিচালক সারমিন জুই, আশুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিব আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ জানান, কামাল হোসেন জয় ভেজাল ডিএপি (DAP)সার তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে। এ প্রেক্ষিতে তার মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গোদামে তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কৃষি অফিসের কর্মকর্তাগণের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে আপাতত ভেজাল ডিএপি (DAP) সার তৈরির কোন আলামত পাওয়া যায়নি।
তবে অবৈধভাবে ইউরিয়া সার গুদামজাতকরণের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারায় অভিযুক্ত বিএনপি নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়ছে। তাকে এক সপ্তাহের মধ্যে সারের কাগজপত্র দেখাতে বলা হয়েছে। এছাড়া সারের মান ঠিক আছে কি না পরিক্ষার জন্য গোদামে সংরক্ষিত সারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে অভিযান পরিচালনাকালে সরেজমিনে দেখা যায়, গোদামে ছাই ও গোবরের স্তুপ এবং বিভিন্ন বিদেশী কোম্পানির ইউরিয়া নষ্ট সারের বস্তা এলোমেলোভাবে পড়ে রয়েছে।
এফএইচ/