দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা (ভিজিএফ কার্ড) এর চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এফ এম রফিকুল আলম বাবুলসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে , ওই ইউনিয়নে ৩৩৬ জন মৎস্যজীবী কার্ডধারী সদস্যদের থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল, ইউপি সদস্য মোস্তফা ও কাঞ্চন বিশ্বাস এর নির্দেশে গ্রাম পুলিশ মো. হাসান খলিফা ও একই এলাকার বারেক বেপারীর ছেলে কবির হোসেনের মাধ্যমে প্রত্যেক মৎস্যজীবী (ভিজিএফ) কার্ডধারি সদস্য থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার ৩ নং দেউলবাড়ি দোবড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের সময়।
এলাকাবাসী জানান, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করে না। তিনি ৪০ দিনের কর্মসূচির একাধিক প্রকল্পের কাজ না করেই টাকা উঠিয়ে নিয়েছেন।
এদিকে ঘটনাটি জানাজানি হলে সাংবাদিকদের উপস্থিতিতে চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুলের নির্দেশে ওই টাকা প্রত্যেক ভিজিএফ কার্ডধারি সদস্যকে ফেরত দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য মোস্তফা মোল্লা মুঠোফোনে জানান, আমি টাকা তোলার ব্যাপারে কিছুই জানি না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম এফএম রফিকুল আলম বাবুল বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এবং আমার কোনো ইউপি সদস্য কাউকে টাকা তুলতে বলে নাই। একটা ছেলে আমাদের না জানিয়ে টাকা তুলেছিল। পরে ওই টাকা ফেরত দেওয়া হয়েছে।
নাজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, প্রত্যেক মৎস্যজীবী কার্ডধারী সদস্যের জন্য দুই মাসে ৮০ কেজি চাল বরাদ্দ। এই চাল দেওয়ার ব্যপারে কেউ কোনো প্রকার টাকা পয়সা নিতে পারবে না। এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।