দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীতে অযৌক্তিকভাবে ইটভাটায় অভিযান, ভাঙচুর, জরিমানা ও ভাটা আইনের সংশোধনসহ বিভিন্ন দাবিতে ভাটা মালিক ও শ্রমিকরা মানববন্ধন-সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালী জেলা কমিটির সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক কেএম আফতাব উদ্দিন, সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদসহ অনেকে।
বক্তারা বলেন, ইট প্রস্তুতকারীদের জেলা ভিত্তিক সংগঠন রয়েছে। কিন্তু কমিটিকে অবহিত না করে মনগড়াভাবে প্রশাসন বিভিন্ন ভাটায় অভিযান পরিচালনা করে আসছে। লাখ লাখ টাকা জরিমানা করছে, এমনকি কোটি কোটি ব্যয়ে নির্মিত ভাটা ভেঙে ফেলছে। নানাভাবে হয়রানি করা হচ্ছে ভাটা মালিকদের। এভাবে হুটহাট করে ভাটা ভেঙে দিলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। মালিকরা কোটি কোটি ব্যাংক ঋণে পড়বে। আবার সরকার প্রতি বছর যে পরিমাণ রাজস্ব পায় তা থেকেও বঞ্চিত হবে।
এ সময় ভাটা মালিকরা জিগজাগ ইট ভাটার নিষিদ্ধ এলাকার দুরত্ব ৪০০ মিটার করা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩; সংশোধন আইন ২০১৯ সংশোধনের দাবি জানান। একই সঙ্গে বিভিন্ন ছাড়পত্র গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর হয়রানি বন্ধের এবং ইটভাটাকে শিল্প ঘোষণার দাবি জানান।
মানববন্ধন-সমাবেশ শেষে জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এফএইচ/