দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে ঘাটাইলে শিক্ষাসফরের তিনটি বাসে ডাকাতির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুরের পীরগঞ্জের শফিকুল ইসলাম শরিফ (১৯) ও রূপন চন্দ্র ভাট (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় প্রথমে লুণ্ঠিত মালামালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ভুক্তভোগী ভিকটিমের মাধ্যমে যাচাই করে এ ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ২৭ ফেব্রুয়ারি গাজীপুর সদর এবং বাসান এলাকা থেকে এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম শরিফ ও রূপন চন্দ্র ভাটকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়। এই দুইজন বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে। অন্য চারজন বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছে।
তিনি আরও বলেন, ‘শিক্ষাসফরের বাসে ডাকাতির ঘটনায় জড়িত অন্য পাঁচজনকে গত শনিবার দিবাগত রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার একটি বাড়িতে ডাকাতি করে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের শোন অ্যারেস্ট দেখিয়ে টাঙ্গাইলে আনা হবে।’
প্রসঙ্গত, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষা সফরের জন্য চার বাসে রওনা দেন নাটোরের গ্রিনভ্যালি পার্কের উদ্দেশে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বাসগুলো ঘাটাইল উপজেলার লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে ওই দিন রাতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে ডাকাতির ঘটনায় মামলা করেন।
আরএ