দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীতে স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাসুদ আলম (২৬) জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ গ্রামের ৮নং ওয়ার্ডের শহরবাড়ীর মৃত গিয়াস উদ্দিনের ছেলে। ভিকটিম জেলা শহরের একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
ভিকটিমের মা অভিযোগ করে বলেন, গত ২৬ ফেব্রুয়ারি আমার মেয়ে প্রতিদিনের মতো স্কুলে যায়। কিন্তু ছুটির পরও সময় মতো বাসায় না আসায় আমি স্কুলে গিয়ে না পেয়ে অত্মীয়-স্বজনের বাসা-বাড়িতে খুঁজে পায়নি। পরে ২৭ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি করি। এরপর গতকাল ২৮ ফেব্রুয়ারি দিবাগত ভোররাতে কে বা কারা আমার মেয়েকে জেলা শহরের হাউজিং বালুর মাঠে ফেলে যায়।
তিনি আরও বলেন, নৈশপ্রহরীরা দেখতে পেয়ে তাকে আমাদের বাসার গেটের সামনে আনলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাকে খুবই বিধ্বস্ত অবস্থায় আমরা পাই। তার সারা শরীরে ক্ষতের আঘাত রয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
ভিকটিমের বড় বোন বলেন, ভোররাতের দিকে বাসার দারোয়ান আমাদেরকে ডাক দিয়ে তুললে আমরা নিচে গিয়ে দেখতে পাই আমার ছোট বোন অজ্ঞান অবস্থায় গেটের সামনে পড়ে আছে। পরে আমরা বিষয়টি পুলিশকে জানালে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে।
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে গেলে তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার কাউকে পাওয়া যায়নি।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ভিকটিমের মায়ের ডায়েরির প্রেক্ষিতে আমরা অপরাধী মাসুদকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভিকটিম বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য ভর্তি রয়েছে।
আরএ