দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে সম্মেলন মঞ্চ ও কয়েকটি মোটরসাইকেল।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের তেঘরিয়া সাদেহ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- জাকির হোসেন, মুকুল, রিপন, লিটন, শ্যামল, শফিকুল ইসলাম ও মমিনুল। আহতরা সবাই বিএনপি এবং এর অঙ্গসংগঠনের রাজনীতিতে জড়িত।
জানা গেছে, ওই মাঠে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হবার কথা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম নবী। সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন- ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার।
সভাপতি প্রার্থী শাহ মজনু ফকির বলেন, অপর সভাপতি প্রার্থী বিপ্লব তরফদার ও সাধারণ সম্পাদক প্রার্থী শফিউল ইসলাম স্বপনের লোকজন রাত সাড়ে ৮টার দিকে মাঠে প্রবেশ করে চেয়ার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে তেঘরিয়া বাজারে থাকা আমাদের লোকজন এলে ওরা দৌড়ে পালিয়ে যায়। সম্মেলন পণ্ড করতেই এমন হামলা বলে তিনি অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিপ্লব তরফদার বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আমাদের লোকজন রাতে মঞ্চ সাজসজ্জার কাজ পরিদর্শনে যায়। পরে মজনু ফকিরের ভাতিজাসহ তার লোকজন ও শফিকুল ইসলাম শফির লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন ও ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবারের সংঘর্ষে সম্মেলন স্থগিত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, তেঘরিয়া বাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের খবর শুনার পর ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ