দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজ এলাকায় ফিরেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘদিন পর প্রিয় এই নেতাকে কাছে পেয়ে দারুণ উজ্জীবিত দলীয় নেতাকর্মীসহ নেত্রকোনার হাওরাঞ্চলের লাখো মানুষ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে লুৎফুজ্জামান বাবর তার নিজ গ্রাম জেলার মদন উপজেলার বাড়িবাদেরা গ্রামের বাড়িতে পৌঁছেন। এ সময় তাকে এক নজর দেখতে এবং ফুলেল শুভেচ্ছা জানাতে স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বাবর ভক্ত সাধারণ জনতা ছুটে আসেন।
এর আগে বিকেল ৪টার দিকে নেত্রকোনা জেলা শহরে এসে পৌঁছেন তিনি। তারপর সেখানে জেলা বিএনপি কর্তৃক স্থানীয় মোক্তারপাড়া মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় অনুষ্ঠানস্থল যেন জনসমুদ্রে পরিণত হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, মিথ্যা মামলায় আমাকে সাড়ে ১৭ বছর কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছিল। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু আমি অতীতে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জনস্বার্থ বিরোধী কোনো কাজ করিনি এবং ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ।
অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আমার নেতা তারেক রহমানের কাছে সবার আগে বাংলাদেশ। তাই তিনি অচিরেই দেশে ফিরে আসবেন। এই দেশের হাল ধরবেন। আমরা তাকে অভ্যর্থনা জানাব।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাবর বলেন, অচিরেই নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। দেশে ষড়যন্ত্র চলছে এবং এ ষড়যন্ত্রের ফাঁদে বিএনপির নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি।
নিজ জেলা নেত্রকোনাবাসীর উদ্দেশে বাবর বলেন, আমি আগেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আগামীদিনে সুযোগ হলে নেত্রকোনার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, নুরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু প্রমুখ।
পরে গণসংবর্ধনা শেষে লুৎফুজ্জামান বাবর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলার সদর উপজেলার মদনপুর ইউনিয়নে হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমী (র.) এর মাজার জিয়ারত করেন।
এদিকে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার খালিয়াজুরী উপজেলার কলেজ মাঠে এবং মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মোহনগঞ্জ রেল স্টেশন মাঠে এক গণসংবর্ধনায় অংশগ্রহণ শেষে ওইদিনই ঢাকায় ফেরার করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরএ