দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফলে গায়ের জোরে সরকারি রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে। একই গ্রামের বারেক মোল্লার ছেলে কবির হোসেন মোল্লা (৪৮) প্রায় ২২ দিন ধরে ওই রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন।
রাস্তা বন্ধ ও সরকারি খাস জমি দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভক্তভোগী শতাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থীরা। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কর্পূরকাঠি গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আবু কালাম বলেন, প্রায় ৪০ বছরের পুরানো রাস্তা এটি। এ পথ দিয়ে ৩০টি পরিবারের সদস্য ও একটি মাদরাসার ছাত্র-ছাত্রীরা যাতায়াত করেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দে একাধিক রাস্তার উন্নয়নে মাটি ভরাটও করা হয়। হঠাৎ করে কবির মোল্লা ও তার ভাই জসিম মোল্লা রাস্তার জমি নিজেদের দাবি করে রাস্তা বন্ধ করে বেড়া দিয়ে দেয়। রাস্তার প্রবেশ মুখে দখল করে টয়লেট ও টিনসেট ঘরও নির্মাণ করে কবির ও জসিম। এনিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কবির গায়ের জোরে সালিশ বৈঠকে গণ্যমান্য মানুষের সিদ্ধান্ত উপক্ষো করে। প্রায় ২২দিন ধরে শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে রয়েছেন।
মানববন্ধনে অংশ কর্পূরকাঠি ইদ্রিসিয়া মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ফরিদ ও শ্রেণির শিক্ষার্থী চাঁদনী বলেন, রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১ কিলোমিটার পথ ঘুরে আমাদের মাদরাসায় যেতে হচ্ছে।
রাস্তাটি সচল রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উত্তর কর্পূরকাঠী ইদ্রিসিয়া মাদরাসার সুপার আবুল বশার বলেন, এটি একটি পুরানো পথ। বছরেরর পর এই পথে মানুষ যাতায়াত করে আসছে। রাস্তাটি দখল হলে মানুষ ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বেন।
সরকারি জমি দখল ও রাস্তা বন্ধের প্রতিবাদে আরও বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা হেলাল হোসেন (৩০), সোহাগ (৩২), রাসেল (৩৫) ও শাহ আলম (৫৫)।
এ বিষয়ে অভিযুক্ত কবির হোসেন বলেন, ‘ওই রাস্তার জমি আমাদের। তাই আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ‘সরকারি জম দখল কিংবা রাস্তা বন্ধ করে মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
আরএ