দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের বাঘারপাড়া উপজেলায় ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইকলাস মোল্লা (৫০) বাঘারপাড়া থানার বুধপুর গ্রামের ইজাহার মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় মাদক সেবন করে বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাবা ইকলাস ছেলে তারেক (২৭)-কে বকাঝকা করেন। এক পর্যায়ে মাদকাসক্ত ছেলে ইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ইকলাস। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে ইকলাসকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ছেলে তারেক।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. সুইটি আক্তার জানান, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলে তারেককে আটকের অভিযান চালানো হচ্ছে। রাত ১০ টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করা যায়নি।
আরএ