দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের তাড়াশে হাসিনুর রহমান নামের এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে রাস্তার ইট তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে। আর এ বিষয়ে প্রতিকার চেয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শতাধিক গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাসিনুর রহমানের বিরুদ্ধে খুটিগাছা বটতলা হতে ঈদগাহ মাঠ পর্যন্ত সরকারি রাস্তার ৩ ট্রাক পুরোনো ইট দ্রুত তুলে নিয়ে যায়। পরে গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে কাউরাইল বাজারে এসে ২ ট্রাক ইট আটকিয়ে দিয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর বিচার চেয়ে লিখিত আবেদন করেন।
এ ব্যাপারে খুটিগাছা গ্রামের হাজ্বী আনতাজ আলী, আলমগীর হোসেন, রেজাউল করিম ও হায়দার আলীসহ অনেকেই বলেন, কাউন্সিলর হাসিনুর রহমান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। আমাদের গ্রামের সকলের চাঁদা দিয়ে ইট কিনে রাস্তা নির্মাণ করছে। অথচ কাউন্সিলর ইট তুলে নিয়ে বিক্রি করেছে। আমরা এর সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে কাউন্সিলর হাসিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ইটগুলো লেবার দিয়ে তুলে কাউরাইল বাজারে রেখেছি। তবে বিক্রি করিনি। আমি ইটগুলো রাস্তা মেরামত করার জন্য রাখছি।
এ বিষয়ে তাড়াশ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মকুল হোসেন বলেন, আমি গ্রামবাসীর কাছে অভিযোগের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। রাস্তাটি পৌরসভা থেকে নির্মাণ কাজ চলছে। তবে গ্রামবাসীর টাকায় রাস্তায় ইট দেওয়া থাকায় সেটা টেন্ডারে ধরা নেই। বিষয়টি দুঃখজনক।
এ ব্যাপারে তাড়াশ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান বলেন, আমি জেলায় মিটিংয়ে থাকায় অভিযোগটি দেখতে পারিনি। বিষয়টি দেখে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
আরএ