দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলসুতি ইউনিয়নের শলিথা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় স্থানীয় এনায়েত হোসেনের বসতবাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারের সূত্র ধরেই স্থানীয় সাবেক ইউপি সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে তার দলবল নিয়ে শলিথা গ্রামের এনায়েত হোসেনের বসতবাড়িসহ প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালায়। পরে শুরু হয় দুই গ্রুপের সংঘর্ষ। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
হামলার শিকার এনায়েত হোসেনের স্ত্রী ওহিদা আক্তার জানান, সাড়ে ১১টার দিকে রবিউল মেম্বারের নেতৃত্বে তার দলবল আমাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমাদের ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তারা আমাদেরকে মারধর করে।
এদিকে রবিউল মেম্বার হামলার ঘটনা অস্বীকার করে জানান, আমাদের কোনো লোক তাদের বাড়িতে হামলা চালায়নি। বরং তারাই আমাদের দলের লোকজনের ওপর আগে হামলা চালায়। আমাদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।
আরএ