দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার (১৬ মে) সকালে কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়া এলাকায় নির্মাণাধীন আইকনিক রেলস্টেশন পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক ‘দোহাজারী-কক্সবাজার রেললাইন’ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৮৪ শতাংশ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ সেপ্টেম্বর মাসের আগেই শেষ করা হবে।
মন্ত্রী বলেন,পর্যটন রাজধানীখ্যাত কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। তার আগ্রহে সেখানে রেললাইন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
নির্মাণাধীন রেলস্টেশনের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। এরপর তিনি সড়কপথে রামুতে নির্মাণাধীন রেলস্টেশন ও রেলপথ নির্মাণকাজ পরিদর্শন করেন। দুপুরে সেখান থেকে ঈদগাঁও, ডুলাহাজারা, চকরিয়ায় রেলপথের কাজ দেখতে যান তিনি। রেললাইন প্রকল্পের আওতায় কক্সবাজার থেকে দোহাজারী পর্যন্ত ১০০ কিলোমিটারে রামু, ইসলামাবাদ, ডুলাহাজারা, চকরিয়া, হারবাং, লোহাগাড়া, সাতকানিয়া ও দোহাজারীতে পৃথক ৯টি রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে।
রেলমন্ত্রী বলেন, ‘চান্দেরপাড়ায় নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশনটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন। এর নির্মাণকাজ শেষ পর্যায়ে। এটি কেবল কক্সবাজারের গর্ব নয়, এটি বাংলাদেশেরও গর্ব।’
সমুদ্রসৈকত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে চান্দেরপাড়া এলাকার ২৯ একর জায়গায় ২২৫ কোটি টাকা ব্যয়ে ঝিনুকের আদলে দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে। ১ লাখ ৮৭ হাজার বর্গফুট আয়তনের ছয়তলা ভবনের রেলস্টেশনে থাকা-খাওয়াসহ আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। বর্তমানে ভবনের চারদিকে গ্লাস ফিটিংস ও চীন থেকে আনা স্টিলের ক্যানোফি স্থাপনের কাজ চলছে। কাজের অগ্রগতি ৮৬ শতাংশ জানিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, আগামী সেপ্টেম্বর মাসের আগেই রেলস্টেশনের কাজ শেষ করা সম্ভব হবে।