দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইলে জমির আইল কাটা নিয়ে চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে প্রাণ গেল লাল মিয়া (২৫) নামে এক যুবকের। এই ঘটনায় আহত হয়েছেন চাচা।
বুধবার (১৯ জুন) সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লাল মিয়া ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সকালে সিরাজ উদ্দিন তার ছেলে লাল মিয়াকে নিয়ে বাড়ির পাশেই নিজ জমিতে আমন ধানের বীজতলা তৈরি করার কাজ করছিল। এসময় সিরাজ উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন ও তার ছেলে হাফেজ মিজান আইল বেশি করে কাটার অভিযোগ করেন এবং আইল কাটতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে গিয়াস উদ্দিনের ছেলে হাফেজ মিজান ধারালো ছুরি দিয়ে তার চাচাতো ভাই লাল মিয়া ও চাচা সিরাজ উদ্দিনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে লাল মিয়া ও তার বাবা সিরাজ উদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা লাল মিয়া ও বাবা সিরাজ উদ্দিনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করে। সিরাজ উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরএ