দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘরের চাবি পেল ৬৮০ গৃহহীন পরিবার। মঙ্গলবার (১১ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন ঈদুল আজহার আগে শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেল অসহায় এসব পরিবার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাঙামাটিতে মোট ভূমিহীনের সংখ্যা ৩ হাজার ৯০ পরিবার। এর মধ্যে পাঁচটি ধাপে মোট ২ হাজার ২৫২ পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। পঞ্চম পর্যায়ের ২য় ধাপে আরো ৬৮০ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর রাঙামাটির লংগদু উপজেলার উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এসময় বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন।
ঘরের চাবি হাতে পেয়ে রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের বাসিন্দা সুরেশ কুমার চাকমা বলেন, এতদিন আমার ঘরটি ছিল ভাঙা-চোরা। ঝড়-বৃষ্টির দিনে খুব কষ্ট করে থাকতে হতো । কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পাকা ঘর দেয়াতে আমার সেই কষ্ট লাঘব হয়েছে। আমি মন থেকে প্রধানমন্ত্রীর জন্য আর্শীবাদ করি।
একই ইউনিয়নের আরেক উপকারভোগী সুভদ্রা চাকমা বলেন, এতদিন মানুষের বাড়িতে ভাড়া থাকতাম। মাঝেমধ্যে ভাড়ার টাকা দিতে পারতাম না বলে অনেক গালমন্দ শুনতে হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী ঘর তৈরি করে দেয়াতে আমি খুব খুশি। আমি প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
রাঙামাটিতে হস্তান্তরিত ৬৮০টি ঘরের মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী মাচাং ঘর রয়েছে ৪০টি।
মিশু মল্লিক, রাঙামাটি