দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের নির্বাচনে স্থানীয় প্রশাসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ক্ষমতাশীল রাজনৈতিক দলের নেতাদের অতি-উৎসাহী আচরণ ও ভোটারদের মাঝে ভয়-ভীতি প্রদর্শনের কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে দাবি করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেড এম আজাদ খান।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় চাটখিল পৌরসভার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) স্ব-শরীরে চাটখিল এসে ভোটগ্রহণ প্রত্যক্ষ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে জেড এম আজাদ খান বলেন, তিনি নির্বাচনি কর্মকাণ্ড শুরু করার পর থেকে তার নির্বাচনি কর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে রিটার্নি কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানা পুলিশে অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি।
তিনি আরও বলেন, দোয়াত কলম প্রতীকের প্রার্থী (বর্তমান উপজেলা চেয়ারম্যান) জাহাঙ্গীর কবিরের পক্ষে থানার ওসি সরাসরি অবস্থান নিয়েছেন। যা তার কর্মকাণ্ডে প্রতীয়মান হচ্ছে। ওসি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা হারিয়েছেন। যা সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের পরিবেশে বাধা সৃষ্টি করবে বলে দাবি করেন তিনি।
এজন্য অবাধ, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হকের অপসারণের দাবি জানান এই প্রার্থী।
এদিকে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নির্বাচনি দায়িত্ব পালনে ওসির বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠলে নির্বাচনের সময় তাকে প্রত্যাহার করা হবে।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরএ