দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুন লেগে ওষুধ, যন্ত্রপাতি পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এবং পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভেতরে অনেক ওষুধ ও যন্ত্রপাতি রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, আগুনের উৎস ও কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালে ৩ বার আগুন লেগেছে। বিষয়টি নিয়ে আমরা খুবই আতঙ্কিত ও শঙ্কিত। এটি এক হাজার বেডের হাসপাতাল। এসব জায়গায় আগুন লাগলে বিপুল প্রাণহানির শঙ্কা থাকে।
তিনি আরও বলেন, কেন বার বার আগুন লাগছে তার কারণ অনুসন্ধানে ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ডিসি বলেন, হাসপাতালের গঠনগত কিছু ত্রুটি রয়েছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে। বিকল্প ব্যাবস্থা সৃষ্টি করতে আমরা ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলব।
আরএ