দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের (ঘোড়া প্রতীক) বাসার সামনে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন প্রার্থী ইব্রাহিম খলিল।
শনিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৩টার সময় উপজেলার নাভারন ত্রিমোহিনী (কলোনী মোড়) গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, আমি রাতে নির্বাচনি গণসংযোগ শেষে বাসায় ঘুমিয়ে পড়ি। তারপর মধ্যরাতে বিকট শব্দে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার বাড়ির সামনে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আমি পরিবার নিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে উঠি। ধারণা করছি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির লক্ষে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালে পুলিশ এসে তদন্ত কার্যক্রম শুরু করে।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা শার্শা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান। কে বা কারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, প্রার্থীর বাড়ির সামনে রাতে দুটি বোমার বিষ্ফোরণ ঘটেছে। থানায় একটি অভিযোগ দিয়েছেন প্রার্থী। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি