দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাতিজা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। শনিবার (৪ মে) সকালে ওই প্রার্থীকে শোকজ নোটিশ দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, আগামী ৮ মে ডিমলা উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নীলফামারী-১ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ছবিসহ ব্যানার টাঙিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বলে ভোট প্রার্থনা করছেন যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৮ এর (৫) অনুযায়ী নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। আচরণবিধি ভঙ্গের বিষয়ে তার বিরুদ্ধে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজ বলেন, কাগজ হাতে পাইনি তবে মোবাইলের মাধ্যমে নোটিশটি দেখেছি। কাগজটি হাতে পেলে জবাব দিয়ে আসব।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ওই প্রার্থীর একটা ভিডিও ভাইরাল হয়েছে তা আমরা অবগত আছি, তবে ওটা নিয়ে লিখিত কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। আর ওই প্রার্থী ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নীলফামারী-১ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের ছবি ব্যবহার করে ভোট প্রার্থনা করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উনি কিছুক্ষণের মধ্যে নোটিশটি পেয়ে যাবেন।
জেবি