দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
তাদের মধ্যে একই পরিবারের চারজন। তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চৌরাস্তা নামক স্থানে। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।
বুধবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
নিহতরা হলেন মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও খোকন মৃধা (৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) ও ছেলে কাওসার (১২)। তাদের সঙ্গে ড্রাইভারও মারা গেছে বলে জানা গেছে।
নিহত জামাল ও খোকনের মামা মো. সোনা মিয়া জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকত। জামাল মৃধা ইলেকট্রিক্যাল দোকান ও খোকন মৃধা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করত। কাওসার সপ্তম শ্রেণির ছাত্র। কাওসারের মানত থাকায় প্রাইভেটকার যোগে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজারে যাচ্ছিল।
পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১১টায় জামাল মৃধা তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলে।
গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বিষয়টি নিশ্চিত করে জানান, খবরটি শুনে নিহতদের বাড়ি যাচ্ছি। একই পরিবারের চারজন নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি প্রতিবেদকের মাধ্যমে জানতে পেরেছি। নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।
জেবি