দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে ওমর আলী (৬২) ও বাতেন মাঝি নামের দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আরও কয়েকজন অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বাতেন মাঝি জমিজমা সংক্রান্ত বিষয়ে কাজ করতে মুন্সিগঞ্জ শহরের রেজিস্ট্রার অফিসে গিয়ে দুপুরে তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকার ওয়ালী উল্লাহ মাস্টারের ছেলে।
এদিকে মুন্সিগঞ্জ শহরের মোল্লারচর এলাকার বাসিন্দা কৃষক ওমর আলী (৬০) জমিতে কৃষিকাজ করার সময় গরমে অসুস্থ হয়ে পড়লে তাকেও দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিনি মোল্লারচর এলাকার বাবু হাজারির ছেলে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, দুজনই তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হিটস্ট্রোকের লক্ষণ ছিল।
তিনি আরও বলেন, এছাড়া আরও চারজনকে হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি একজনকে চিকিৎসা শেষে বাড়ি ফেরত পাঠানো হয়েছে।
জেবি