দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর হাতিয়া উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী অমি। এছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দুই ভাইস চেয়ারম্যানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ৮ মে। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপজেলা চেয়ারম্যানসহ তিনটি পদেই নির্বাচন অনুষ্ঠিত হবে না।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার (২২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং অফিসার মো. নওয়াবুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, হাতিয়া উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. কেফায়েত উল্যাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামছুন নাহার বেগম একক প্রার্থী হিসেবে রয়েছেন।
এর আগে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একটি করে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। চেয়ারম্যান পদে সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও মুসফিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু সোমবার এই দুইজন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় আশিক আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং অফিসার মো. নওয়াবুল ইসলাম বলেন, আয়েশা ফেরদাউস ও মুসফিকুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করায় অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হাতিয়া উপজেলায় চেয়ারম্যান পদে আশিক আলী নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া দুই ভাইস চেয়ারম্যান পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ভাইস চেয়ারম্যান মো. কেফায়েত উল্যাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামছুন নাহার বেগম ।
৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথমধাপে যে কয়টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে নোয়াখালীর হাতিয়া উপজেলা। এই উপজেলা ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় ৩ লাখ ১৫ হাজার ভোটার রয়েছে।
এফএইচ