দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইরে চেতনানাশক খাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের সদস্যসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির স্বর্ণ বিক্রির নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।
গ্রেপ্তাররা হলেন-মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামের মৃত সাদেকের ছেলে আব্দুল কুদ্দুস (৫০), মো. পর্বত খানের ছেলে মো. আরমান (৩৫), একই উপজেলার ছয়ানী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. মিজান (২৫), চর মাধবপুর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে সোহাগ (২৫) ও একই গ্রামের মৃত হামিদ আলীর ছেলে মো. মনির হোসেন (৩৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কমলনগর গ্রামের সৌদি প্রবাসী উজ্জ্বল সন্যাসীর বাড়িতে গত ২৮ মার্চ রাত পোনে দুইটার দিকে চারজন দুষ্কৃতকারী খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে ৯ থেকে ১০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী উজ্জ্বল সন্যাসীর বাড়ি থেকে ২০ লাখ ৩০ হাজার টাকা সমমূল্যের স্বর্ণালংকার, নগদ টাকা ও কসমেটিকস লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উজ্জ্বল সন্যাসীর স্ত্রী পূজা সরকার ২৯ মার্চ বাদি হয়ে সিংগাইর থানায় অজ্ঞাতনামা চারজন দুস্কৃতির বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন। ঘটনার পাঁচদিনের মধ্যে সম্পৃক্ত আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস ও মো. আরমানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তথ্য নিয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য মিজান, সোহাগ ও মনিরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ডাকাতির মূল পরিকল্পনাকারী আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বড় রামদা, একটি লোহার নাক চিরানী (তালা ও গ্রীল ভাঙ্গার কাজে ব্যবহৃত), একটি সেলাই রেঞ্জ, একটি ধারালো চাকু, একটি প্লাস ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়। অপর আসামি মনিরের কাছ থেকে ৫ ভরি ৩ আনা ৫ রত্তি স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ তিন লাখ ৫৩ হাজার টাকা এবং মিজানের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, জনসাধারণকেও সচেতন হতে হবে। অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া কোনো খাবার না খাওয়া, বাড়িতে আসলে সাবধানতা অবলম্বন করা। এছাড়াও সন্দেহভাজন কাউকে ঘোরাফেরা করতে দেখলে অবশ্যই পুলিশকে জানানোর অনুরোধও জানান তিনি।
এফএইচ