দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চাটখিলে স্বামীকে অণ্ডকোষ টিপে হত্যা করার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ইলিয়াছ হোসেন (৩৫) উপজেলার পরকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর রামদেবপুর গ্রামের ঘাসি বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে। তিনি ছিলেন ওমান প্রবাসী। হত্যার ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।
শুক্রবার (২২ মার্চ) উপজেলার উত্তর রামদেবপুর গ্রামের ঘাসি বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ফাতেমা আক্তার সোনিয়া (২৫) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাঠানগড় গ্রামের ইভু ভেন্ডার বাড়ির আহসান উল্যার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইলিয়াছ ওমান প্রবাসী ছিলেন। সাত বছর আগে পারিবারিকভাবে সোনিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্ত্রীর কারণে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে তেমন একটা মিশতে পারতেন না ইলিয়াছ। গত ৪ ফেব্রুয়ারি দেশে আসেন তিনি। ছুটি শেষে রোজার ঈদের পরে পুনরায় তার ওমান চলে যাওয়ার কথা ছিল। শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজ পড়ে ইলিয়াছ বড় ভাই আব্দুল মতিনের সঙ্গে কথা বলতে বলতে বাড়িতে ফিরেন। এ নিয়ে স্ত্রী সোনিয়ার সঙ্গে ইলিয়াছের প্রচন্ড বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সোনিয়া স্বামী ইলিয়াছের অণ্ডকোষে আঘাত করে জোরে টিপে ধরলে অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর লাশ উদ্ধার করে এবং গৃহবধূ সোনিয়াকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল মতিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার (২৩ মার্চ) ওই মামলায় গ্রেপ্তার গৃহবধূকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।