দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্মার্ট ও আধুনিক নগরী গড়ে তুলতে ২০ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র পদপ্রার্থী আলহাজ এহতেশামুল আলম।
এ সময় তিনি নগরীর নানা সমস্যা এবং তার নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে বক্তব্য রাখেন।
শনিবার (২ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারের মধ্যে রয়েছে অনলাইনে নাগরিক সেবা নিশ্চিত করতে অত্যাধুনিক অ্যাপ চালু, যানজট নিরসনে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা এবং নগরীর অভ্যন্তরে ওয়ান ওয়ে রোড বাস্তবায়ন, নগরের অভ্যন্তরে গণপরিবহনের টেকসই সমাধান, নগরের অভ্যন্তরে ট্রাক ও ভারী যানবাহনের চলাচলের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া, ড্রেনেজ ব্যবস্থা বিজ্ঞানসম্মত টেকসই উপায়ে আধুনিকায়ন, হোল্ডিং ট্যাক্স নির্ধারণ জনগণের মতামতের উপর নির্ভরশীল হওয়া, মাদক, চাঁদাবাজি, ছিনতাই এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ও বসবাসযোগ্য নগরী গড়ে তোলা, শহরের অভ্যন্তরে রেললাইনের পাশের ছোট রাস্তাগুলোকে যানবাহন চলাচলের উপযোগী করে গড়ে তোলা, সিটি করপোরেশনের আওতাভুক্ত ধর্মীয় উপসনালয়ে অনুদান প্রদান, নগরীর খাল পরিষ্কারকরণ ও দখলমুক্ত করা, মশক নিধনে টেকসই পরিকল্পনা গ্রহণ, প্রাচীন ময়মনসিংহের ঐতিহ্যকে ধারণ করার স্বার্থে জাদুঘর সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ, নগরের গুরুত্বপূর্ণ স্থানে কর্মজীবী নারীদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু করা, গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য সিটি করপোরেশন কর্তৃক উপবৃত্তি চালু করা, বাণিজ্যিক ও আবাসিক এলাকায় পরিকল্পিত অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন, বস্তিবাসীদের নাগরিক সুবিধা নিশ্চিত করা, হকারদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা, নগরীর পুরোনো সবুজায়ন ফিরিয়ে আনা, নগরে শিশুদের জন্য শিশু পার্কের ব্যবস্থা করা, রাস্তার কুকুরকে নিয়মিত ভ্যাকসিন প্রদান, কুকুর হত্যা কঠোরভাবে বন্ধকরণ এবং বিড়ালদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে এহতেশামুল আলম বলেন, সবার জন্য যেহেতু নির্বাচন করা উন্মুক্ত ছিল, তাই প্রধানমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে অবগত করে আমি প্রার্থী হয়েছি। আমার প্রতীক ঘোড়া সেটি প্রধানমন্ত্রী অবগত। বিগত সংসদ নির্বাচনে যেহেতু নৌকার পক্ষে আমার অবস্থান ছিল সেসময় সাংসদ মোহিত উর রহমান শান্ত আমাকে সিটি নির্বাচন করার জন্য উৎসাহিত করেন।
মোহিত উর রহমান শান্ত ও তার অনুসারীরা সাদেকুল হক খান মিল্কী টজুর হাতি প্রতীকে সমর্থন জানিয়ে প্রচারণা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন কে কার পক্ষে প্রচারণা করছে সেটি দেখার বিষয় নয়। আমার পক্ষে জনগণ আছে আশা করছি আগামী ৯ মার্চ ঘোড়া প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে। সাধারণ মানুষ পরিবর্তনের লক্ষেই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
তিনি আরও বলেন, দুর্নীতিতে ভরপুর সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করাই হবে আমার চ্যালেঞ্জ। দীর্ঘদিনের স্বচ্ছ রাজনীতির ক্যারিয়ারে কলঙ্ক লাগতে দেইনি। তাই সাধারণ ভোটাররা যদি আমার প্রতি আস্থা রাখে তাহলে শুধু উন্নয়নেই তারা পাবে।
সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মী ও তার কর্মী সমর্থকরা ছাড়াও ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি