দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বগুড়ায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে শিবগঞ্জের একটি কেন্দ্রের কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এ তথ্য জানানো হয়। শিক্ষা শাখা থেকে আরও জানানো হয়েছে, দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে অসদুপায় অবলম্বন করায় বগুড়া শিবগঞ্জের গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচজনকে বহিষ্কার করা হয়।
একইসঙ্গে ওই কেন্দ্রের সচিবসহ ১১ জন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অপরদিকে সোনাতলার বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।
শিক্ষা বিভাগ আরও জানায়, এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাধারণ ১৫৭ জন, দাখিলে ৮৬ জন এবং বাকি ৪২ জন বিএম শাখার।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আফসানা ইয়াসমিন বলেন, দ্বিতীয় দিনের পরীক্ষায় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্র সচিবসহ ১১ কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেবি