দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের পর মুক্তিপণ আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার হলরুমে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, নড়িয়া পৌরসভার সারেং কান্দি গ্রামের সজীব ছৈয়াল ওরফে শরিফ, বাসার ছৈয়াল, সামাদ ছৈয়াল, কুরবান মৃধা, রফিক ছৈয়াল, রোস্তম আলী ছৈয়াল নাঈম ছৈয়াল, আরিফ ছৈয়াল একটি প্রতারক চক্র। দীর্ঘ বছর ধরে দেশ থেকে বিদেশে নেবার কথা বলে বিভিন্ন লোকজনের কাছে নগদ টাকা নিয়ে থাকেন। সম্প্রতি ঢাকার ধামরাই থেকে এ চক্রের প্রধান হোতা সজীব ছৈয়াল ওরফে শরিফকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন শরীয়তপুর জেলা কারাগারে বন্দি রয়েছে।
লিবিয়ায় নিখোঁজ নড়িয়ার সারেং পাড়ার অন্তর সারেং এর মা সেলিনা বলেন, দালাল শরীফকে কয়েকবারে ১৫ লাখ টাকা দিয়েছি। গত দুই বছর ধরে আমার ছেলে নিখোঁজ। আমি আমার ছেলেকে ফিরে চাই।
আরেক ভুক্তভোগী ভেদরগঞ্জ উপজেলার ছঁয়গাও এলাকার পারভেজ লস্করের পিতা হারুন লস্কর বলেন, দালাল শরীফকে তিন বারে ১৫ লাখ টাকা দিয়েছি। কিন্তু আমার ছেলেকে সে লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছে। আমি তাদের বিরুদ্ধে মামলা করছি। প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু এখন আমাকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, মানবপাচারকারীদের আমরা কোনোভাবেই ছাড় দেব না। ইতোমধ্যে এ চক্রের প্রধান হোতা গ্রেপ্তার হয়েছে। তবে দালালদের ফাঁদে না পরতে সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ করছি। বৈধভাবে যারা প্রবাসে যেতে চাচ্ছেন তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
জেবি